Logo
প্রিন্টের তারিখ: 22 September 2026 | প্রকাশের তারিখ: Sep 22, 2026

সংবাদ শিরোনাম : দোয়ারাবাজারে জমির বিরোধে বৃদ্ধকে হত্যা

দোয়ারাবাজারে জমির বিরোধে বৃদ্ধকে হত্যা
ডেস্ক নিউজ, দেশজনতা:

দোয়ারাবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৮৫ বছরের বৃদ্ধ মোহাম্মদ আলীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় অভিযুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব ৯ ও র‌্যাব ১১ এর যৌথ অভিযানে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 গ্রেপ্তারকৃত আসামির নাম জিয়াউর রহমান (৩২)। তিনি দোয়ারাবাজার উপজেলার হাবিবনগর গ্রামের মৃত চান মিয়ার ছেলে এবং হত্যা মামলার এজাহারনামীয় ৪ নম্বর আসামি।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ আগস্ট (শুক্রবার) রাতে র‌্যাব ৯ (সিপিসি ৩, সুনামগঞ্জ) এবং র‌্যাব ১১ (সিপিসি ২, কুমিল্লা) এর একটি যৌথ আভিযানিক দল কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বাজগড্ডা বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে জিয়াউর রহমানকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণ ও র‌্যাবের তদন্তে জানা যায়,দোয়ারাবাজার এর সোনাপুর গ্রামের বাসিন্দা নিহত মোহাম্মদ আলীর জমি ছেলের নামে লিখে নেওয়ার জন্য তার ছেলে ইসমাইল মিয়া (৫ নম্বর বিবাদী) ও পুত্রবধূ হোছনা বেগম (১ নম্বর বিবাদী) দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় বৃদ্ধের ওপর নির্যাতন ও পারিবারিক কলহ বাড়তে থাকে।
একপর্যায়ে পুত্রবধূ হোছনা বেগম শ্বশুরকে হত্যার পরিকল্পনা করেন এবং স্থানীয় রুহুল আমিন (২ নম্বর বিবাদী)—এর সাথে ৫০ হাজার টাকার চুক্তি করেন। চুক্তি অনুযায়ী গত ১৪ আগস্ট গভীর রাতে রুহুল আমিন, নজরুল ইসলাম (৩ নম্বর বিবাদী) ও জিয়াউর রহমান (৪ নম্বর বিবাদী) হোছনা বেগমের সহযোগিতায় ঘরে প্রবেশ করেন। 

তারা বৃদ্ধ মোহাম্মদ আলীর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের নাতনি বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি হত্যা মামলা (মামলা নং ২৪, তারিখ: ১৬/০৮/২০২৬) দায়ের করেন। ঘটনাটি প্রকাশ্যে এলে র‌্যাব ৯ ছায়া তদন্ত শুরু করে। এর আগে গত ১৮ আগস্ট ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করেছিল র‌্যাব ৯। সর্বশেষ জিয়াউর রহমানকে গ্রেপ্তারের মাধ্যমে মামলার এজাহারনামীয় চার আসামিকেই আইনের আওতায় আনা হলো।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF