Logo
প্রিন্টের তারিখ: 22 September 2026 | প্রকাশের তারিখ: Sep 22, 2026

সংবাদ শিরোনাম : কলকারখানায় জ্বালানি সংকট কাটছে, মঙ্গলবার রাত থেকে চাহিদামতো বিদ্যুৎ-গ্যাস

কলকারখানায় জ্বালানি সংকট কাটছে, মঙ্গলবার রাত থেকে চাহিদামতো বিদ্যুৎ-গ্যাস
দেশজনতা নিউজ ডেস্ক

শিল্পকারখানায় দীর্ঘদিনের বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে তাৎক্ষণিক উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার রাত থেকে কলকারখানাগুলোতে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে ব্যবসায়ী নেতাদের।

সোমবার সকালে প্রথম সারির ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ আশ্বাস দেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিষয়টি জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং ব্যবসায়ী প্রতিনিধিরা।

বৈঠকে ব্যবসায়ী নেতারা দেশের শিল্পখাতে বিদ্যুৎ ও গ্যাসের অনিয়মিত সরবরাহ নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেন। তাদের মতে, জ্বালানি সংকটের কারণে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব পড়ছে।

শিল্পের উৎপাদন স্বাভাবিক রাখতে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তারা।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, তাৎক্ষণিক সংকট মোকাবিলার পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনাও নেওয়া হচ্ছে।

এলএনজি সরবরাহ বাড়াতে পাঁচটি এফএসআরইউ (Floating Storage and Regasification Unit)-এর পাশাপাশি ল্যান্ডবেজ এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

শুধু ভাসমান টার্মিনালের ওপর নির্ভরশীলতা কমিয়ে ভবিষ্যতে বাড়তে থাকা শিল্প ও অর্থনীতির জ্বালানি চাহিদা পূরণ করাই এই পরিকল্পনার অন্যতম লক্ষ্য বলে বৈঠকে জানানো হয়।

বৈঠকে শিল্পায়ন ও বিনিয়োগ সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়ার বিষয়েও সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়।

তবে দীর্ঘদিন ধরে জমে থাকা বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি খাতের সমস্যাগুলো একদিনে সমাধান করা সম্ভব নয়—বৈঠকে এই বাস্তবতাও উঠে আসে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF