কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক ও তার সহকারী (হেলপার) নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম আনিস। তার বাড়ি ফরিদপুর জেলায় বলে জানা গেছে। তবে নিহত হেলপারের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, সোনামসজিদ স্থলবন্দর থেকে পাথর নিয়ে ট্রাকটি খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে কুষ্টিয়া বাইপাস এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়কের পাশের মাঠে উল্টে পড়ে এবং একপর্যায়ে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে উদ্ধারকর্মীরা ট্রাকচালক আনিসের মরদেহ উদ্ধার করেন। অপরদিকে, ট্রাকে থাকা পাথরের নিচে চাপা পড়ায় হেলপারকে উদ্ধার করতে বেশ সময় লাগে। দীর্ঘ উদ্ধার অভিযান শেষে তার মরদেহও উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে হাইওয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।