দেশজনতা নিউজ অনলাইন ডেস্ক:
জামায়াতে ইসলামীর দাবিদাওয়া ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জামায়াতের আমিরের সাম্প্রতিক লংমার্চের বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন।
রাশেদ খান বলেন, আগের লংমার্চে জামায়াতের আমির বলেছিলেন, ‘জাতির প্রয়োজনে ৬ দফা ১ দফায় পরিণত হতে পারে।’ আর এবারের লংমার্চে বলা হয়েছে, ‘জাতির প্রয়োজনে ৮ দফা ১ দফায় পরিণত হতে পারে।’
এ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘কিন্তু জাতি কি জানে, তার প্রয়োজনে কখন ৬ দফা ৮ দফায় পরিণত হলো?’ রাশেদ খানের ভাষ্য, যে নেতা নিজের দাবিদাওয়া সুনির্দিষ্টভাবে ঠিক করতে পারেন না, তিনি কেবল একটি নির্দিষ্ট গোষ্ঠীর নেতা হতে পারেন; সমগ্র জাতির নেতা হওয়ার দাবি তার ক্ষেত্রে প্রশ্নের মুখে পড়ে।
এনসিপির সাম্প্রতিক কর্মসূচি নিয়েও মন্তব্য করেন রাশেদ খান। তিনি বলেন, লংমার্চে জনগণের সাড়া কেমন হবে, তা আগের দিন ছুটির দিনে জাতীয় সংসদ ভবনের সামনে এনসিপি আয়োজিত কর্মসূচি থেকেই কিছুটা ধারণা করা গেছে। তার দাবি, সেখানে নেতাকর্মীদের তুলনায় সাংবাদিকদের উপস্থিতি বেশি মনে হয়েছে।
রাশেদ খান প্রশ্ন করেন, কোনো বাধা না থাকা সত্ত্বেও জনগণ কেন এ ধরনের কর্মসূচিতে প্রত্যাশিতভাবে সাড়া দিচ্ছে না এ বিষয়টি এনসিপি কখনো অনুসন্ধান করেছে কি না।
নিজের বক্তব্যের শেষাংশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পূর্বের রাজনৈতিক অবস্থানের প্রসঙ্গও তুলে ধরেন রাশেদ খান।
তিনি দাবি করেন, নির্বাচনের আগে নাহিদ ইসলাম বলেছিলেন, জামায়াতের নেতৃত্বকে দেশের জনগণ কখনোই গ্রহণ করবে না। কিন্তু পরবর্তীতে নাহিদ ইসলাম জামায়াতের আমিরের নেতৃত্ব গ্রহণ করার পর থেকেই দুই নেতার আহ্বানে জনগণের সাড়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।